সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে’ স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে অসামান্য অবদান রাখা বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে বিশেষ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ’।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ইনভেস্ট বাংলাদেশের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাজেন্সিজের (ওয়াইপা) উদ্যোগে ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলন।
স্বল্পোন্নত দেশগুলোর যেসব বিনিয়োগ উন্নয়ন সংস্থার কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডে উচ্চমানের অর্জন হিসেবে বিবেচিত হয়, স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী তাদের মধ্য থেকেই বিশেষ এই স্বীকৃতির জন্য নির্বাচন করে।এ স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সেবা সহজীকরণ ও বিনিয়োগ সহায়তায় চলমান সংস্কার উদ্যোগগুলোর আন্তর্জাতিক মূল্যায়ন প্রকাশ পেল। বিশেষ করে বিনিয়োগসংক্রান্ত প্রক্রিয়া সহজ করা ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে ইনভেস্ট বাংলাদেশ যে কাজ করে যাচ্ছে, তারই প্রতিফলন এই অ্যাওয়ার্ড।
নেপথ্যে সংস্কার ও উদ্ভাবনী উদ্যোগ
২০২৫ সালে দেশি-বিদেশি প্রায় ২০০ বিনিয়োগকারীর মতামত নিয়ে সরকার ও ইনভেস্ট বাংলাদেশ একগুচ্ছ সংস্কার কার্যক্রম হাতে নেয়। এর মধ্যে আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা প্রসার এবং বিদেশ থেকে ঋণ গ্রহণ ও মূলধন প্রত্যাবাসন সহজ করার পদক্ষেপ অন্তর্ভুক্ত ছিল।
পাশাপাশি, ‘অ্যাম্বাসেডর কর্মসূচি’র মাধ্যমে ইয়ংওয়ানের মতো বৃহৎ বিনিয়োগকারীদের দীর্ঘদিনের জটিলতা নিরসন করা হয় এবং ‘এফডিআই হিটম্যাপ’-এর মাধ্যমে ১৯টি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়।
এর ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চে ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনা ঘোষণা করে সংস্থাটি এবং সেপ্টেম্বরে এর অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করে। ওই সময়েই একাধিক সংস্থাকে একীভূত করে গঠিত হয় শক্তিশালী ‘ইনভেস্ট বাংলাদেশ’, যার ফলে অর্থনৈতিক অঞ্চল ও পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) কার্যক্রম এক ছাতার নিচে আসে।নজর কেড়েছে ‘বাংলাবিজ’ ও ‘লালদিয়া প্রকল্প’
ওয়াইপার বিচারকমণ্ডলী বিশেষভাবে দুটি সফলতার উল্লেখ করেছেন:
১. বাংলাবিজ: বাংলাদেশের সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিনিয়োগকারীরা ৪৭টি সরকারি সংস্থার ১৪২টিরও বেশি সেবা এক জায়গা থেকে পাচ্ছেন।
২. লালদিয়া কনটেইনার টার্মিনাল: এপিএম টার্মিনালসের ৫৫ কোটি মার্কিন ডলারের মেগা প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুততর করতে ইনভেস্ট বাংলাদেশের কার্যকর ভূমিকা।
সম্মিলিত প্রচেষ্টার ফল
আন্তর্জাতিক এ প্রাপ্তি প্রসঙ্গে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগ পরিবেশ উন্নয়নে আমাদের সংস্কার উদ্যোগগুলোতে সমর্থন দেওয়ার জন্য সরকার ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনভেস্ট বাংলাদেশের যে কর্মীরা প্রতিদিন দ্রুত ও কার্যকর সেবাদানে কাজ করছেন, এ অর্জন তাদের সবার সম্মিলিত প্রচেষ্টারই ফসল।
২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। বর্তমানে বিভিন্ন খাতের প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ প্রস্তাব এগিয়ে নেওয়ার কাজ করছে ইনভেস্ট বাংলাদেশ, যা দেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

