সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার কপাল ও মাথার সামনের অংশে গুরুতর আঘাত লাগে। মাথায় ১৫টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুর্ঘটনার বর্ণনা দিয়ে শাম্মী লিখেছেন, “আজ আমার শুট ছিল, সাজ্জাদ সুমন ভাইয়ের ‘খুশবু’ ধারাবাহিকের। গতকাল সন্ধ্যায় শুটিংয়ের জন্য কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়েছিলাম। অটোরিকসায় উঠলে সবসময় কেমন যেন অস্থিরতা কাজ করে। চালকদের জীবন পণ সতর্ক করতে থাকি ‘মামা আস্তে যান’। কালও এর ব্যতিক্রম ঘটেনি। বারবার বলেছি, কখনও উচ্চস্বরে বলেছি ‘আস্তে যান আপনি!’ কে শোনে কার কথা! বাতাসের সাথে পাল্লা দিয়ে সে ছুটছে।”
তিনি আরও লেখেন, ‘ফলে যা হবার তাই হয়েছে। একটা পাথর জাতীয় কিছু রিকশার সরু চাকার নিচে এসে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে চালক উড়ে গেলো একদিকে। আমি উড়ে এসে পড়লাম রাস্তায়। আর রিকশা আমার ওপর। রিকশার চাকার স্ক্রু সম্ভবত আমার কপাল চিরে দিল। মাথার সামনের অংশ থেতলে গেছে! এমনভাবে রক্ত ছিটকে পড়লো যেন কাঁচের জার ভেঙে পানি বের হচ্ছে।’
অভিনেত্রী জানান, আহত অবস্থায় হ্যান্ডব্যাগটি হাতে নিয়ে অন্য একটি রিকশায় করে তিনি নিজেই হাসপাতালে যান। পরবর্তীতে তাঁর কপাল ও মাথায় দুটি স্থানে মোট ১৫টি সেলাই দেওয়া হয়।
দেশের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে হতাশা প্রকাশ করে এলিনা লেখেন, “আমরা বারবার বুঝে যাই জীবন ক্ষণিকের। আর এই যে সোনার দেশ এখানে জীবনের চেয়ে মৃত্যুর দাপট বেশি। এখানে খাবারে বিষ, ভেজাল ওষুধ, ট্রাফিকের অব্যবস্থাপনা, গাড়ির দূষিত কালো ধোঁয়া, মদ্যপ ড্রাইভারদের বেপরোয়াপনা ইত্যাদি। এত বিস্তারিত মনে করে লেখার এনার্জি এখন নাই। এই সময়ের সবচেয়ে ভাইরাল মৃত্যুফাঁদ হচ্ছে ‘টেসলা’।”
প্রাণে বেঁচে ফিরায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তিনি আরও বলেন, ‘আল্লাহ তায়ালা জীবন ভিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তবে আরও কঠিন কিছু ঘটার সম্ভাবনা ছিল। এই দানব বাহন টেসলা এভাবেই মরণ ফাঁদ হয়ে রাস্তায় চলতে থাকবে? সাধারণ মানুষের ক্ষয় ক্ষতির দায় কে নেবে! আমার জন্য শুধু দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন বিপদ মুক্ত রাখেন।’
