জুলাই অভ্যুত্থানের সময় দায়ের করা দুটি হত্যা মামলা থেকে জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন বাতিল করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের প্রার্থনা করেছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদনটি খারিজ করে দেন।
ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত সহিংসতা ও হতাহতের ঘটনার জেরে মামলাগুলো দায়ের করা হয়েছিল। যার মধ্যে রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। ২০২৫ সালের ২ মে দায়ের করা চাঞ্চল্যকর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। এছাড়া সেই তালিকায় বিভিন্ন পেশার মানুষ—যেমন শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়।
এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত মামলাটির অভিযোগ আমলে নিয়ে শাহবাগ থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। আলোচিত মামলায় বিনোদন জগৎ থেকে শুরু করে গণমাধ্যম ও শিক্ষাঙ্গনের শীর্ষস্থানীয় বহু হেভিওয়েট ব্যক্তিত্বকে আসামি করা হয়েছে। মামলার চার্জশিটে নাম থাকা ১৪ জন জনপ্রিয় অভিনয়শিল্পীর মধ্যে চিত্রনায়ক রিয়াজের পাশাপাশি ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খানের নাম রয়েছে।
এই মামলায় বেশ কজন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষককেও আসামি করা হয়েছে। আসামির তালিকায় নাম রয়েছে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ও এটিএন নিউজের মুন্নী সাহাসহ মোট ১৫ জন সাংবাদিকের। এ ছাড়া শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের মধ্যে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং মুনতাসির মামুনসহ ১৩ জন শিক্ষক এই মামলার আওতাভুক্ত। পাশাপাশি গণজাগরণ মঞ্চের সংগঠক ইমরান এইচ সরকার ও ছাত্রনেত্রী লাকী আক্তারকেও মামলার আসামি করা হয়েছে।
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা রয়েছে। মামলা থেকে আগাম জামিন পেতে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি।
