দেশে জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। একদিকে এডিস মশাবাহিত ডেঙ্গু, অন্যদিকে সংক্রামক ব্যাধি হামের প্রকোপ। গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছর হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজারে গিয়ে ঠেকেছে, যার মধ্যে সিংহভাগই শিশু। অন্যদিকে, একই সময়ে ডেঙ্গু পরিস্থিতিও ভয়াবহ রূপ ধারণ করেছে; সোমবার একদিনেই ৯ জনের মৃত্যু এবং দেড় হাজারের বেশি আক্রান্তের ঘটনা চলতি বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। দুটি ভিন্ন ধরনের রোগ হলেও এগুলোর ব্যাপক প্রাদুর্ভাবের পেছনে ফুটে উঠেছে মূলত স্বাস্থ্য খাতের দুর্বলতা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কিছু ভুলের কারণেই আজ হাম পরিস্থিতি এমন অনিয়ন্ত্রিত রূপ নিয়েছে। ২০২৪ সালে নির্ধারিত হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ না করা, নিয়মিত টিকাদানে গাফিলতি এবং চলতি বছর ব্যাপক সংক্রমণের পরও হামকে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি হিসাবে বিবেচনা না করা সার্বিক পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, সরকারের গণটিকাদান কর্মসূচি থেকে প্রায় ৪০ লাখ শিশুর বাদ পড়া। এমনকি টিকা নেওয়ার পরও কেউ কেউ সংক্রমিত হচ্ছে বলে তথ্য রয়েছে। ফলে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনের প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। ৯ মাসের কম বয়সি শিশুদের আক্রান্ত হওয়া কিংবা মায়ের কাছ থেকে পর্যাপ্ত সুরক্ষা না পাওয়ার যে তথ্য সামনে এসেছে, তা প্রমাণ করে, শুধু কাগজে-কলমে টিকাদানের হার বাড়ালেই সমাধান মিলবে না। টিকার সময়সূচি, মান নিশ্চিতকরণ এবং বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া জরুরি।
অন্যদিকে, ডেঙ্গুর মৌসুম এলেই কেবল হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো বা হাসপাতালে রোগী আসার পর চিকিৎসার ওপর নির্ভর করার পুরোনো অভ্যাস এখনো বজায় রয়েছে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, হাসপাতালে রোগী আসার পর কেবল চিকিৎসাভিত্তিক কৌশল দিয়ে মহামারিতুল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রাথমিক নজর দেওয়া উচিত মশার প্রজননস্থল ধ্বংস এবং কমিউনিটি পর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রমে। সিটি করপোরেশন ও স্থানীয় কর্তৃপক্ষের এডিস মশা নিধনে নিয়মিত ও কার্যকর পদক্ষেপ না থাকার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষ জ্বর নিয়েও কাজে বেরিয়ে পড়েন এবং পরবর্তী সময়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন, যার ফলে মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে।
হাম ও ডেঙ্গু-দুটি সংকটই প্রমাণ করে, দেশের জনস্বাস্থ্য নিরাপত্তাবলয় এখনো নাজুক। টিকা ক্রয়ে বিলম্ব কিংবা নিয়মিত স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটার মতো প্রশাসনিক দুর্বলতা কোনোভাবেই কাম্য নয়। সংক্রমণ ও প্রাণহানি রোধ করতে হলে কালক্ষেপণ না করে এখনই বিশেষ টিকাদান কর্মসূচিকে সুনির্দিষ্ট ‘মাইক্রোপ্ল্যানিংয়ের’ মাধ্যমে প্রান্তিক পর্যায়ে পৌঁছানো প্রয়োজন। একইসঙ্গে গর্ভধারণে ইচ্ছুক মায়েদেরও টিকার আওতায় আনা দরকার। ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান, কমিউনিটিভিত্তিক প্রাথমিক জ্বর শনাক্তকরণ কেন্দ্র স্থাপন এবং ডেঙ্গুর প্রজননক্ষেত্র ধ্বংসে জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনগণের সচেতনতাও কাম্য।

