
ছবি: ব্র্যান্ডন বেল/গেটি ইমেজেস
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন বিধিনিষেধ বাতিল করেছেন একটি ফেডারেল আদালতের বিচারক।
সোমবার দেওয়া এক আদেশে ম্যাসাচুসেটস জেলার যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক এফ. ডেনিস সেইলর বলেন, চার বছরের জন্য বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থান সীমিত করে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) জারি করা বিধিটি সংশ্লিষ্ট আইনি কর্তৃত্বের পরিপন্থী। একই সঙ্গে সরকার চাইলে কম কঠোর যেসব বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারত, সেগুলোও বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে সংস্থাটি।
ডিএইচএসের এই বিধিমালার লক্ষ্য ছিল ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ নামে পরিচিত দীর্ঘদিনের একটি ব্যবস্থা বাতিল করা। কয়েক দশক ধরে এই ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনায় অগ্রগতি বজায় রাখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারতেন। নতুন বিধি কার্যকর হলে এফ-১ শিক্ষার্থী ভিসাধারী এবং জে-১ এক্সচেঞ্জ ভিজিটরদের চার বছর পরও যুক্তরাষ্ট্রে থাকতে হলে ডিএইচএসের কাছে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতো।
বিচারক সেইলর তাঁর আদেশে লেখেন, ‘একজন বিদেশি শিক্ষার্থী ইতিমধ্যে চার বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর তার জন্য সম্পূর্ণ বিবেচনাধীন ও পর্যালোচনার অযোগ্য নবায়নব্যবস্থা চালু করলে ডিএইচএস কীভাবে জালিয়াতির ঘটনা শনাক্ত করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারবে, তা সংস্থাটি ব্যাখ্যা করেনি। একইভাবে, বিদ্যমান ব্যবস্থা বাতিলের বিপুল ব্যয়ের তুলনায় নতুন ব্যবস্থার সুবিধা কীভাবে বেশি, সেটিও স্পষ্ট করা হয়নি।’
ইউনাইটেড অটো ওয়ার্কার্সসহ উচ্চশিক্ষা ও শ্রমিক সংগঠনগুলোর একটি জোট এই বিধির বিরোধিতা করে যুক্তি দেয়, এর ফলে শিক্ষার্থীদের ডিগ্রি অর্জনের প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বিঘ্ন সৃষ্টি হবে।
এর আগে সেপ্টেম্বরে বিচারক সেইলর এক আদেশের মাধ্যমে বিধিমালাটির কার্যকারিতা স্থগিত করেন। সে সময় তিনি উল্লেখ করেন, বিধিনিষেধ এবং এর ঘোষিত উদ্দেশ্যের মধ্যে যৌক্তিক সম্পর্ক রয়েছে—এমন প্রমাণ দিতে ডিএইচএস ব্যর্থ হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছে ম্যাকডারমট উইল অ্যান্ড শুল্টে এলএলপি। অন্যদিকে, ডিএইচএসের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
