রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি আজ শুক্রবারও চলছে। আজ দিনভর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর মধ্যে ঢাকাসহ পাঁচ বিভাগে আজ ভারী বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলো হলো বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহ। সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আকভানের কারণে মূলত এই বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টি আজ দুপুরের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশা রাজ্যের মাঝামাঝি এলাকার উপকূলে আঘাত হানতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। গত অক্টোবর মাসের শেষে এবং চলতি মাসের শুরুর দিকে এই উপকূলেই পরপর দুটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে, ১২৩ মিলিমিটার। রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১৯ মিলিমিটার। সাতক্ষীরায় বৃষ্টির পরিমাণ ৬৫ মিলিমিটার।
যখন কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তখন তাকে ভারী বৃষ্টি বলে। এর চেয়ে বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা প্রথম আলোকে বলেন, আজ রাজধানীতে সারা দিনই বৃষ্টি হতে পারে। দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া তিন বিভাগে (রাজশাহী, রংপুর ও সিলেট) অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে।
আগামীকাল শনিবার দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি বলেন, আগামীকালের পরে বৃষ্টি কিছুটা কমে যাবে। তবে আকাশে মেঘলা ভাব থাকবে। আগামী মঙ্গল বা বুধবার থেকে মেঘ কেটে যেতে শুরু করবে। এরপর তাপমাত্রা আরও কমবে, শীত বাড়তে থাকবে।
বৃষ্টির কারণে গতকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা এক দিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। আজও তাপমাত্রা কমতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

