কুঁচকির চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুশফিকুর রহিম
দক্ষিণ আফ্রিকার (এসএ) বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকুর রহিমের দ্বিতীয় টেস্টে অংশ নিতে না পারার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে চোটের কারণে পেসার হাসান মাহমুদও দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে যান।বিসিবির জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, প্রথম টেস্ট চলাকালে মুশফিকের বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভূত হয়। টেস্ট শেষে তাঁর এমআরআই করানো হয়। পরীক্ষায় শ্রোণিচক্রের হাড়ের আশপাশে প্রদাহের বিষয়টি ধরা পড়ে।বায়েজিদুল ইসলাম খান বলেন, “চোট নিয়ন্ত্রণে রাখা এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে মুশফিকুর রহিমের দ্রুত বিশ্রাম ও বিশেষ পুনর্বাসন চিকিৎসা প্রয়োজন। এ কারণেই তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।”গত ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারে বাংলাদেশ।

