মালয়েশিয়ার অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্যিককেন্দ্র পেনাংয়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ এবং মালয়েশিয়ার বিনিয়োগ আকর্ষণে নতুন তৎপরতা শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করতে পেনাংয়ের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।
৭ ও ৮ সেপ্টেম্বর পেনাংয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প চেম্বারের (এমআইসিসিআই) পেনাং শাখার সভাপতি দাতো ব্রায়ান তান গুয়ান হুই এবং বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন হাইকমিশনার।
একই সঙ্গে মালয়েশিয়ান ফেডারেশন অব ম্যানুফ্যাকচারার্সের (এফএমএম) পেনাং শাখার সভাপতি দাতো সেরি লি তেওং লি ও সংগঠনটির সদস্যদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য মালয়েশিয়ার বাজারে নতুন সুযোগ তৈরি, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের জন্য পেনাংকে সম্ভাবনাময় বাজার হিসাবে দেখছে হাইকমিশন। বিশেষ করে পেনাংয়ের শিল্প ও উৎপাদন খাতের উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ বাড়ানোর মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।
