রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে গতকাল শনিবার আগুন ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
এদিন স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুথিরা দাবি করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা।
তবে, হামলার আশঙ্কায় এর আগে রাতভর সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সতর্কবার্তা জারি করা হয়েছিলো বলেও জানা গেছে।
শনিবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে বিমানবন্দরের কাছাকাছি এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। একপর্যায়ে আগুনের শিখাও দেখা যায়।
প্রসঙ্গত, জুলাই থেকে সৌদি আরবে একাধিক হামলা চালানোর দাবি করে আসছে ইরান-সমর্থিত হুথিরা। তবে চলমান উত্তেজনা শুরুর পর রিয়াদে এটিই তাদের প্রথম হামলা বলে ধারণা করা হচ্ছে।
এদিকে হামলার কথা স্বীকার করলেও জানালেও রিয়াদে কী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, তা স্পষ্টত উল্লেখ করেনি হুথিরা। তবে তারা লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুতে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনাতেও হামলার দাবি করেছে। সানায় হামলার জবাবেই এসব অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
অপরদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, শনিবার ভোরে রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
এছাড়া দক্ষিণ-পশ্চিমের বিশ ও ফারাসান, পশ্চিমের তাইফ এবং লোহিত সাগর উপকূলের ইয়ানবুতেও বেসামরিকদের লক্ষ্য করে হামলা ঠেকানোর দাবি করেছে জোটটি।
সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, রিয়াদ ও রাজধানীর পূর্বে আল-খার্জে আকাশ হামলার সম্ভাব্য ঝুঁকি নিয়ে রাতে ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। শনিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয়।
উল্লেখ্য, জুলাইয়ে হুথিদের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরুর পর রিয়াদে এ ধরনের সতর্কবার্তা প্রথম জারি করা হলো।
এর আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া বৃহত্তর সংঘাতের নতুন ক্ষেত্র হিসেবে সৌদি-হুথি সংঘাতও দেখা দেয়।

