দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ১৬তম ওয়ার্ল্ড কনফারেন্স অন ইনজুরি প্রিভেনশন অ্যান্ড সেফটি প্রমোশনে বাংলাদেশের সড়ক নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিনিধিদল। চার দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি, দুর্ঘটনা ও আঘাত প্রতিরোধে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চলমান উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরা হয়।
‘ইউনাইটেড ফর আ সেফার ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনটি ১ সেপ্টেম্বর শুরু হয়েছে, চলবে আজ ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এতে বিশ্বের প্রায় ৮০টি দেশের প্রতিনিধি এবং ৫০০টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নিয়ে আঘাত প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন।
ডিআইইউর প্রতিনিধিদলে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং সহযোগী অধ্যাপক ও প্রকল্প প্রধান মো. বজলুর রহমান। সম্মেলনে তারা বাংলাদেশের সড়ক নিরাপত্তার বাস্তব চিত্র, এ খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ডিআইইউর নেওয়া উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন।
সম্মেলনে বিভিন্ন দেশের গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন ডিআইইউ প্রতিনিধিরা। পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে বিভিন্ন দেশে নেওয়া কার্যকর উদ্যোগ, গবেষণা এবং নীতিগত পদক্ষেপ সম্পর্কেও অভিজ্ঞতা বিনিময় করেন তারা।
সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিয়ে কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের কার্যকর উদ্যোগ ও সর্বোত্তম চর্চা সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে ডিআইইউ। বিশ্ববিদ্যালয়টির মতে, এসব অভিজ্ঞতা দেশে সড়ক নিরাপত্তা নিয়ে ভবিষ্যৎ গবেষণা ও কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।
সড়ক দুর্ঘটনা ও আঘাতের ঝুঁকি কমাতে গবেষণার পরিধি বাড়ানো, কার্যকর আইন ও নীতি প্রণয়ন, বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে ডিআইইউ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

